গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।



