tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিএকটি দলের ভোট ডাকাতির ষড়যন্ত্র শেষ হয়নি: তারেক রহমান

একটি দলের ভোট ডাকাতির ষড়যন্ত্র শেষ হয়নি: তারেক রহমান

একটি দলের ভোট ডাকাতির ষড়যন্ত্র এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলার এটিম মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, একটি দলের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়ে গেলেও আরেকটি পক্ষ এখনো দেশে সক্রিয় রয়েছে। এই দুই পক্ষ আগে থেকেই একসঙ্গে ছিল এবং গোপনে পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। গত ১৬ বছরে আন্দোলন-সংগ্রামে কোথাও তাদের দেখা যায়নি। অথচ ভেতরে ভেতরে তারা একই ষড়যন্ত্রে যুক্ত ছিল। এখন তারা আবার নতুন করে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তাই জনগণকে চোখ-কান খোলা রেখে সতর্ক থাকার আহ্বান জানান তিনি, যাতে কোনোভাবে ভোট নিয়ে কারচুপি করা না যায়।

তিনি বলেন, ভোটের দিনে ব্যালেট বক্স পাহারা দিতে হবে। ২০০৮ সালের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তখন ম্যাজিকের মতো কখনো খালি ব্যালেট বক্স, কখনো ভরা বক্স দেখানো হয়েছিল। সে ধরনের ষড়যন্ত্র যাতে আবার না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

নওগাঁ ও জয়পুরহাটের ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ভোরে তাহাজ্জুদ নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ শেষে লাইনে দাঁড়াতে হবে। ভোটকেন্দ্র খুললেই সারিবদ্ধভাবে ভোট দেওয়া শুরু করতে হবে। তিনি আরও বলেন, যারা ষড়যন্ত্র করছে তারা আবার ২০০৮ সালের মতো কৌশল অবলম্বন করতে পারে—যেখানে লাইনে মানুষ থাকলেও লাইন এগোয় না, ভেতরে গোপনে সিল মারা হয়। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, গত ১৬ বছরে এ অঞ্চলের মানুষের কোনো বাস্তব উন্নয়ন হয়নি, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিছু বড় শহরে ফ্লাইওভার ও উঁচু ভবন নির্মাণ হলেও সেগুলোর সঙ্গে ছিল মেগা দুর্নীতি। বিএনপি গ্রাম, জেলা ও উপজেলা পর্যায়ের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়। শিক্ষার্থীদের লেখাপড়ার নিশ্চয়তা, নারীদের স্বাবলম্বী করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি নিরাপদ সমাজ গড়াই বিএনপির লক্ষ্য।

তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা সেই পরিস্থিতি তৈরি করতে চাই। এ জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণ পাশে থাকলে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না। বিএনপির স্লোগান ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তিতেই বিএনপি দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়নের মধ্যেও টিকে আছে। আজকের জনসভায় হাজারো মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

নওগাঁয়ে রেললাইন স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানসহ বিভিন্ন দাবি পূরণে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে সমাবেশ শেষে সড়কপথে সন্ধ্যা ছয়টায় নওগাঁ পৌঁছান তারেক রহমান। মঞ্চে উঠলে হাজার হাজার নেতা-কর্মী করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জোহা খান, ফজলে হুদা বাবুল, জাহেদুল ইসলাম ধলু, শেখ রেজাউল ইসলাম, ডা. একরামুল বারী টিপু, মোস্তাফিজুর রহমান, আব্দুল বারী, মাসুদ রানা প্রধানসহ রাজশাহী বিভাগ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।