tanaka

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ...
প্রচ্ছদআন্তর্জাতিকএআইভিত্তিক স্মার্ট বিচারব্যবস্থা চালু করছে সংযুক্ত আরব আমিরাত

এআইভিত্তিক স্মার্ট বিচারব্যবস্থা চালু করছে সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিশ্বের প্রথম সমন্বিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিচারিক প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে। সরকারের দাবি, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ এআই-চালিত বিচারিক ব্যবস্থা, যেখানে মানবিক তত্ত্বাবধান ও যাচাই নিশ্চিত করে বিচারিক ও আইনি সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী এবং প্রেসিডেনশিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান বলেন, “বিশ্বে প্রথমবারের মতো সমন্বিত এআইভিত্তিক বিচারিক প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে ইউএই আরও একটি বৈশ্বিক মাইলফলক অর্জন করল। আমরা বিশ্বাস করি, উদ্ভাবনই আরও দক্ষ, দ্রুত ও কার্যকর বিচারব্যবস্থা গড়ে তোলার প্রধান চালিকাশক্তি। এই উদ্যোগ সরকারি ও বিচারিক কার্যক্রম উন্নয়নে ইউএইকে একটি বৈশ্বিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে।”

এ উদ্যোগ বাস্তবায়নে আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট এবং আবুধাবি গভর্নমেন্ট এমপাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট যৌথভাবে সমন্বয় সভা করেছে। সভায় বিশ্বের প্রথম সমন্বিত ‘জুডিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’ বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিচারিক ও আইনি সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। তবে প্রতিটি সিদ্ধান্তই মানবিক তত্ত্বাবধান ও যাচাইয়ের আওতায় থাকবে। এর ফলে বিচারিক প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও সামঞ্জস্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির যৌথ পরিচালনা কমিটির প্রধান এবং আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারসেক্রেটারি ইউসুফ সাঈদ আল-আবরি জানান, আগামী সেপ্টেম্বর থেকে প্রথম ধাপে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৮ মাসের মধ্যে পুরো বিচারিক ব্যবস্থায় এটি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, এ উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদ্ভাবননির্ভর রাষ্ট্র পরিচালনার দর্শনের প্রতিফলন। পাশাপাশি শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও দক্ষ করে তোলার লক্ষ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

আল-আবরি আরও জানান, নতুন এআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিচারিক কার্যক্রমে সমন্বিত স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। মামলার বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সিদ্ধান্তের নির্ভুলতা ও গুণগত মান বৃদ্ধি এবং বিচারব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইউএইর কর্মকর্তাদের মতে, এই প্রকল্প বিচারব্যবস্থার প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে স্মার্ট বিচারব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দেশটির বৈশ্বিক নেতৃত্বের অবস্থান আরও সুসংহত হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।