আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। তিনি বলেন, ‘‘বর্তমানে সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা হচ্ছে, কিন্তু আমরা উপদেষ্টারা নিশ্চিত—আমাদের কারও এমন কিছুর দরকার নেই।’’
শনিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত “জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫” সংক্রান্ত জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।
ড. নজরুল বলেন, ‘‘সেফ এক্সিট আসলে দরকার জাতির জন্য—৫৫ বছরের দুঃশাসন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে বের হয়ে আসার জন্য।’’
তিনি আরও বলেন, দেশে অনেক ভালো আইন তৈরি হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ব্যর্থতা রয়ে গেছে। ১৯৭২ সালের সংবিধানের একটি ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতির স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগের বিধান থাকলেও বাস্তবে সবসময়ই তা প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী হয়েছে।
‘‘আমরা এমন কিছু প্রধান বিচারপতি পেয়েছি, যারা মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র ধ্বংসের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ উপেক্ষা করেছেন। অথচ যারা এসবের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের শাস্তি হয়নি।’’
তিনি বলেন, ‘‘আমরা কিছুটা সংস্কার করতে পেরেছি, পুরোটা নয়। ভবিষ্যতের নির্বাচিত সরকারের ওপর এর দায়িত্ব থাকবে। ভালো আইন তৈরি হলেও তা যেন কার্যকর হয়, সে দিকেই মনোযোগ দিতে হবে।’’



