নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। এখন পর্যন্ত আমরা দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ফখরুল বলেন, আমাদের কাছে যেসব বিষয়ে সমস্যা মনে হয়েছে, সেগুলো আমরা গতকাল নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকে। এটি নতুন কোনো বিষয় নয়।
এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



