স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে ইসলামী ব্যাংকের আরডিএস (রুরাল ডেভেলপমেন্ট স্কিম) প্রকল্পের মাধ্যমে ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছিল।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধির আওতায় আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের অন্যতম প্রধান প্রকল্প আরডিএসের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদান করা। সাধারণত ৫ হাজার, ১০ হাজার বা ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এবং এর বড় অংশের সুবিধাভোগী নারী।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিপুলসংখ্যক নারীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, এক নারী ভোটার জানিয়েছিলেন যে তাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিতে উৎসাহিত করা হয়েছে এবং ভবিষ্যতে আরও অর্থ পাওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী, আরডিএস প্রকল্পের আওতায় মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা এবং পরবর্তী সময়ে আরও ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এই অর্থের ব্যবহারের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি ব্যাংকটির আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বলেন, একটি শিল্প গ্রুপকে ৭০০ কোটি টাকা এবং আরেকটি গ্রুপকে প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
ব্যাংকের জনবল ব্যবস্থাপনাতেও ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে প্রায় ৯ হাজার দক্ষ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সময়ে রাজনৈতিক বিবেচনায় ৬ হাজার নতুন কর্মী নিয়োগ এবং প্রায় ১৩ হাজার কর্মীকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।



