লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
শনিবার লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে একই তথ্য প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাওয়ানেহ শহরে একটি হামলায় হিজবুল্লাহ ও তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন। পরে দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে আরেকটি হামলায় চিকিৎসক, প্যারামেডিক ও নার্সসহ মোট ১২ জন স্বাস্থ্যকর্মী নিহত হন। নিহতদের সঙ্গে সামরিক কোনো সম্পৃক্ততা ছিল না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস চত্বর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) সকালে এই হামলার ঘটনা ঘটে।
দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশ করে সরাসরি মার্কিন দূতাবাসের সীমানার ভেতরে গিয়ে আঘাত হানে। গ্রিন জোন এলাকাটি ইরাকি সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বিদেশি দূতাবাসের জন্য নির্ধারিত একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা।
অন্যদিকে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, দূতাবাসকে লক্ষ্য করে একটি ড্রোন থেকেও হামলা চালানো হয়। বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার ঘটনার কিছুক্ষণ পরই এই পাল্টা হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।



