tanaka
প্রচ্ছদজাতীয়ইলিশ রপ্তানি বন্ধের দাবি, সরকারকে ৭ দিনের আইনি নোটিশ

ইলিশ রপ্তানি বন্ধের দাবি, সরকারকে ৭ দিনের আইনি নোটিশ

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক দাম, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং বাংলাদেশি ইলিশ ভারতে নিয়ে পুনঃরপ্তানির অভিযোগ তুলে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে পাঠানো নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে প্রাপক করা হয়েছে।

নোটিশে ইলিশকে বাংলাদেশের মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। ফলে সাধারণ মানুষ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য মাছটি কেনা কঠিন হয়ে পড়েছে।

আইনি নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, দেশের বাজারে ইলিশের সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে মাছটি রপ্তানি করা হয়েছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও ভোক্তাদের স্বার্থ যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে দাবি করা হয়।

নোটিশদাতার পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে কম দামে ইলিশ আমদানি করে ভারতের কিছু আমদানিকারক তা পরবর্তীতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বেশি দামে রপ্তানি করছেন। এভাবে পুনঃরপ্তানির মাধ্যমে সংশ্লিষ্টরা বড় অঙ্কের মুনাফা করছেন বলেও নোটিশে অভিযোগ করা হয়েছে।

এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে পারে এবং দেশের জাতীয় সম্পদ ইলিশের যথাযথ আন্তর্জাতিক মূল্য পাওয়া নাও যেতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে সংবিধানের ২১ (১) অনুচ্ছেদের বিষয়টি তুলে ধরেছেন। সেখানে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা এবং আইন মেনে চলাকে প্রত্যেক নাগরিকের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, সরকার এখনো ভারতে ইলিশ রপ্তানি নিয়ে কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়নি। তবে ভবিষ্যতে সাধারণ ভোক্তাদের স্বার্থ যাতে বিবেচনায় থাকে, সে লক্ষ্যেই আগাম এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে প্রস্তাব দেওয়া হয়েছে, বৈদেশিক মুদ্রা আয়ের প্রয়োজন হলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ইলিশ রপ্তানি না করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে আন্তর্জাতিক মূল্যে সরাসরি রপ্তানির ব্যবস্থা করা যেতে পারে। এ জন্য স্বচ্ছ ও কার্যকর নীতিমালা তৈরির কথাও বলা হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ, নির্বাহী অনুমোদন বা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা, দেশের বাজারে পর্যাপ্ত ইলিশ সরবরাহ নিশ্চিত করে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উদ্যোগ নেওয়া এবং মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির জন্য স্থায়ী নীতিমালা তৈরির অনুরোধ জানানো হয়েছে নোটিশে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) করা হবে বলেও আইনি নোটিশে জানানো হয়েছে।