ইরানের অভ্যন্তরে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫-এর এক নিখোঁজ ক্রু সদস্যকে জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। সফল এই অভিযানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।
গত শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ ইরানের আকাশে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ ওই কর্মকর্তার সন্ধানে তল্লাশি শুরু হয়।
রোববার (৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের দুর্গম পার্বত্য অঞ্চল থেকে গুরুতর আহত অবস্থায় দ্বিতীয় ওই বিমানসেনাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কর্মকর্তা একজন উচ্চপদস্থ ‘কর্নেল’, তবে নিরাপত্তার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রায় সাত ঘণ্টাব্যাপী এই অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি জানান, দুই দিন ধরে ওই কর্মকর্তা ইরানি বাহিনীকে ফাঁকি দিয়ে পাহাড়ে আত্মগোপনে ছিলেন। তাকে উদ্ধারে একাধিক সশস্ত্র বিমান মোতায়েন করা হয়, যেগুলো প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ছিল।
উদ্ধার অভিযানের সময় ইরানের কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির খবর পাওয়া গেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি, আল জাজিরার সূত্রে জানা গেছে, ওই এলাকায় এক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, অভিযানের সময় তারা যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে।
অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মাটিতে থাকা সি-১৩০ বিমানগুলো শত্রুর হাতে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্র নিজেই ধ্বংস করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, অভিযানে কোনো সেনা সদস্য বন্দি না হলেও অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনটি এফ-১৫ যুদ্ধবিমান হারিয়েছে। এছাড়া গত মাসে ইরাকের আকাশে একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু নিহত হন।
এফ-১৫ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ইরানও ওই মার্কিন সেনাকে খুঁজে বের করতে তৎপর হয়। তেহরান থেকে স্থানীয়দের তাকে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, যাতে তাকে যুদ্ধবন্দি হিসেবে ব্যবহার করা যায়। তবে যুক্তরাষ্ট্রের দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সময় সোমবার দুপুর ১টায় হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানের বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।



