বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে। ফ্লাইটে থাকা প্রায় ২৬০ জন যাত্রী সাত ঘণ্টারও বেশি সময় ধরে উড়োজাহাজের ভেতরে অবস্থান করছেন বলে জানিয়েছেন কয়েকজন যাত্রী।
যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টায় কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। নির্ধারিত সূচি অনুযায়ী পথে জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ইতালির একটি বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত হয়েছে এবং সেটি মেরামত না করা পর্যন্ত ফ্লাইট পরিচালনা সম্ভব নয়। তবে স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্তও ফ্লাইটটি বিমানবন্দরে অবস্থান করছিল। কবে নাগাদ এটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা করবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ফ্লাইটের যাত্রী শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের মধ্যে ভোগান্তি বাড়ছে। তাঁদের কাউকেই উড়োজাহাজ থেকে নামতে বা বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
তিনি বলেন, “ফ্লাইটে অনেক শিশু ও বয়স্ক যাত্রী রয়েছেন। দীর্ঘ সময় আটকে থাকায় অনেকেই অসুস্থ বোধ করছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
যাত্রীরা জানান, টরন্টো থেকে ঢাকায় ফেরার পথে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য এই ফ্লাইটটির নির্ধারিত যাত্রাবিরতি ছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই বিরতি অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘায়িত হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।



