রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। জ্যেষ্ঠ সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, আফরোজা চৌধুরীকে কালুখালী ইউএনও কার্যালয়ের বর্তমান দায়িত্ব ছেড়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১০ সেপ্টেম্বর অপরাহ্নে তাকে বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।
ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে জেলা প্রশাসন। তদন্ত শেষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়।
জেলা প্রশাসনের পাঠানো তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে প্রশাসনিক শাস্তির অংশ হিসেবে আফরোজা চৌধুরীর বদলির আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



