tanaka
প্রচ্ছদখেলাইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সাদা বলে ১০ হাজার রানের মাইলফলকে বাটলার

ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সাদা বলে ১০ হাজার রানের মাইলফলকে বাটলার

শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যক্তিগত অর্জনের খাতায় নতুন মাইলফলক যোগ করেছেন ইংল্যান্ডের জস বাটলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাদা বলের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা প্রথম ইংলিশ ব্যাটার হয়েছেন তিনি।

ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন বাটলার। তার ঝোড়ো ইনিংসে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। ১৪০.৮২ স্ট্রাইক রেটে ব্যাট করা ইংলিশ অধিনায়ক শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

ব্যক্তিগতভাবে মাইলফলকের ম্যাচ হলেও দলীয়ভাবে দিনটি সুখকর হয়নি বাটলারের জন্য। শ্রীলঙ্কার ৩২১ রানের জবাবে ৩০৫ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে সফরকারীরা।

এই ম্যাচ শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাটলারের মোট রান দাঁড়িয়েছে ১০ হাজার ৬২। ৩৬৭ ম্যাচের ৩২৬ ইনিংসে এই রান করেছেন তিনি। তার সাদা বলের ক্যারিয়ারে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফ সেঞ্চুরি।

ফরম্যাট আলাদা করলেও ইংল্যান্ডের হয়ে বাটলারের পরিসংখ্যান উল্লেখযোগ্য। ওয়ানডেতে ২০৪ ম্যাচে তার সংগ্রহ ৫ হাজার ৬৭৮ রান, যা ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ। আর টি-টোয়েন্টিতে ১৬৩ ম্যাচে করেছেন ৪ হাজার ৩৮৪ রান।

ইংল্যান্ডের আর কোনো ব্যাটার ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখনো ১০ হাজার রানের সীমা অতিক্রম করতে পারেননি। ফলে বাটলারের এই অর্জন ইংলিশ ক্রিকেটে সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে নতুন একটি মাইলফলক হিসেবে জায়গা করে নিল।