ফসল কাটার মৌসুম সামনে রেখে বিদেশি কৃষিশ্রমিকদের জরুরি ভিত্তিতে ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। নতুন এই ব্যবস্থায় মৌসুমি শ্রমিকের ঘাটতি নিয়ে দেশটির কৃষকদের যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমেছে। সরকারের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে খামার মালিক ও কৃষকদের মধ্যে।
বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হবে। প্রতিবছর এ সময় কৃষিকাজে বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়।
তবে সম্প্রতি সামগ্রিক অভিবাসন কমানোর উদ্যোগ নেওয়ায় ভিসা প্রক্রিয়ায় ধীরগতি দেখা দেয়। আগে যেখানে কয়েক দিনের মধ্যেই কৃষিশ্রমিকদের ভিসা পাওয়া যেত, সেখানে সম্প্রতি আবেদন নিষ্পত্তিতে কয়েক মাস পর্যন্ত সময় লাগছিল। এতে ফসল কাটার গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।
কৃষি খাতের সম্ভাব্য শ্রমিক সংকট বিবেচনায় নিয়ে এবার বিশেষ ব্যবস্থা চালু করেছে সরকার। নতুন নিয়মে কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলো জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে বিদেশি শ্রমিকদের ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের জন্য আবেদন করতে পারবে।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির কৃষক সংগঠনগুলো। তাদের ভাষ্য, নতুন ব্যবস্থার ফলে ফসল কাটার উপযুক্ত সময়ে খামারগুলোর প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিক পাওয়া সহজ হবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে প্রয়োজনীয় বিশেষ দক্ষতা রয়েছে এবং এরই মধ্যে কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন—এমন বিদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে।
কৃষি মৌসুমে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার মাধ্যমে অভিবাসনসংক্রান্ত কঠোর নীতির মধ্যেও দেশটির কৃষি খাতে বড় ধরনের ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স



