ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কনমেবল-উয়েফা ফুটসাল ফিনালিসিমার শিরোপা জিতেছে স্পেন। রোববার (৮ নভেম্বর) ব্রাজিলের নিতেরোইয়ের অ্যারেনা নিতেরোইয়ে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে দাপুটে জয় তুলে নেয় স্প্যানিশরা।
অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে এবারের আসরের সেরা তিনে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
ফাইনালের প্রথমার্ধে দুই দলই গোলের জন্য একাধিক চেষ্টা চালালেও জালের দেখা পায়নি কেউ। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় স্পেন। ম্যাচের ৩২তম মিনিটে আন্তোনিও পেরেজের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন গন কাস্তেখন। এতে এগিয়ে যায় স্প্যানিশরা।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়েও স্প্যানিশ গোলরক্ষক দিদাকের দৃঢ়তায় সফল হতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের ৩৯তম মিনিটে ফ্লাইং গোলকিপার কৌশল অবলম্বন করে ব্রাজিল। তবে সেই কৌশলের সুযোগ কাজে লাগিয়ে বলের দখল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সেসিলিও।
এরপর পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু দিয়েগোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। এর পরের মিনিটেই নিজেদের অর্ধ থেকে প্রতিপক্ষের ফাঁকা জালে বল পাঠিয়ে স্পেনের তৃতীয় গোলটি করেন আন্তোনিও পেরেজ। তাতেই ৩-০ গোলের জয় নিশ্চিত হয় স্পেনের। প্রথমবারের মতো ফুটসাল ফিনালিসিমার শিরোপাও ঘরে তোলে দলটি। অন্যদিকে, বর্তমান বিশ্ব ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটেই লিয়ান্দ্রো আলতামিরানোর গোলে এগিয়ে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে হুগো নেভেসের গোলে সমতায় ফেরে পর্তুগাল।
ম্যাচের ৩৬তম মিনিটে লুকাস বোলোর শট থেকে বল নিজেদের জালে পাঠিয়ে বসেন পর্তুগালের টমাস পাসো। এতে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা।
শেষদিকে সমতা ফেরাতে ফ্লাইং গোলকিপার কৌশল নেয় পর্তুগাল। কিন্তু সেই কৌশলই তাদের জন্য বিপর্যয় ডেকে আনে। ম্যাচের ৩৮তম মিনিটে নিজেদের অর্ধ থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লুকাস বোলোর।
৩-১ গোলের এই জয়ের মধ্য দিয়ে ফুটসাল ফিনালিসিমার ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জন করল আর্জেন্টিনা। এর আগে ২০২২ সালের আসরে চতুর্থ হয়েছিল আলবিসেলেস্তেরা।



