tanaka

একনেকের সভায় অনুমোদনের জন্য উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল...
প্রচ্ছদরাজনীতিআসিফের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ‘প্রটেকশন’ দেওয়ার অভিযোগ রাশেদ খানের

আসিফের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ‘প্রটেকশন’ দেওয়ার অভিযোগ রাশেদ খানের

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাবেক এমপিদের ‘প্রটেকশন’ এবং পুনর্বাসনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

একই সঙ্গে আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব দাবি করেন রাশেদ খান।

পোস্টে রাশেদ খান দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকার সময় আসিফ মাহমুদ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ‘ডামি এমপিদের’ প্রটেকশন দিয়েছেন। এমনকি আওয়ামী লীগের একজন পদধারী নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসনের বিষয়টি তিনি নিজে জানেন বলেও দাবি করেন।

রাশেদ খান লেখেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময় তিনি আসিফ মাহমুদকে সরাসরি কয়েকবার সতর্ক করেছিলেন। তবে তার সতর্কবার্তায় আসিফ মাহমুদ গুরুত্ব দেননি বলেও দাবি করেন তিনি।

রাশেদ আরও দাবি করেন, বিষয়টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদেরও জানা ছিল। তিনি বলেন, সে সময় আসিফ মাহমুদের বিষয়ে এনসিপির নেতাদের জানালে তারা তাকে বলতেন, ‘আসিফ তো আমাদের কেউ না’; তার সঙ্গে এনসিপির কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই।

পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন—যে তথ্য তিনি নিজে জানেন বলে দাবি করেছেন। এ ছাড়া ওই সময় আসিফের এপিএস মোয়াজ্জেমের কাছ থেকেও বেশ কিছু তথ্য তার কাছে এসেছিল বলে উল্লেখ করেন তিনি।

এসব বিষয়ে তিনি অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টাকে অবহিত করেছিলেন বলেও দাবি করেন রাশেদ খান। তার ভাষ্য অনুযায়ী, তথ্যগুলো জানার পর ওই উপদেষ্টা তাকে বলেছিলেন, ‘আমরা যে বেতন পাই, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়! স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?’

পোস্টের শেষাংশে রাশেদ খান প্রশ্ন তোলেন, নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ এনসিপির সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পক্ষে শক্ত অবস্থান নিচ্ছেন না। তার দাবি, এসব বিষয়ে তারা অবগত বলেই আসিফ মাহমুদের পাশে জোরালোভাবে দাঁড়াচ্ছেন না।

একপর্যায়ে আসিফ মাহমুদকে উদ্দেশ করে রাশেদ খান লেখেন, ‘চোরের মায়ের বড় গলা, আসিফ মাহমুদের অবস্থাও সে রকম হয়েছে।’

তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।