tanaka

একনেকের সভায় অনুমোদনের জন্য উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল...
প্রচ্ছদজাতীয়হামলা-লুটপাটের অভিযোগ, চট্টগ্রামে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

হামলা-লুটপাটের অভিযোগ, চট্টগ্রামে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে একটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬৬ বছর বয়সী মো. জাবেদ মামলাটি করেন।

মো. জাবেদ মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগার বাবা। বাদীপক্ষের আইনজীবী এস এম মইনুল ইসলাম জানান, আদালত অভিযোগটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম, দুই উপপরিদর্শক (এসআই) মো. শাহ পরান ও মো. আনোয়ার হোসেন। অন্য আসামিরা হলেন জালালাবাদ এলাকার মেম্বার বাবু প্রকাশ যুবলীগ বাবু, পাহাড়তলী কলেজ এলাকার মো. মিজানুর রহমান, পশ্চিম খুলশীর আমান উল্লাহ আমান, নাসিরাবাদ হাউজিং সোসাইটির আরিফ প্রকাশ ভুয়া সাংবাদিক আরিফ এবং আসাদ উল্লাহ।

মামলার আরজিতে জাবেদ অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস মোড় এলাকায় তার বাড়িতে আসামিরা প্রবেশ করেন। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটে। পুলিশের সদস্যরা রাবার বুলেট ছোড়েন বলেও অভিযোগ করেন তিনি।

জাবেদের দাবি, তার বসতঘরের আসবাবপত্র, দরজা-জানালা ও অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে তার পুত্রবধূ রেখা বেগমের কক্ষে ঢুকে একটি ওয়ারড্রব ভেঙে নগদ আট লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়।

লুটপাটে বাধা দেওয়ায় রেখা বেগমকে লাঞ্ছিত এবং তাকে ও জাবেদকে মারধর করা হয়েছে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের সরিয়ে দিতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে কয়েকজন আহত হন বলে দাবি করেন বাদী।

জাবেদ আরও অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ করায় তাকে ও পরিবারের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। ভয়ে তারা সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশ সদস্যরা সরকারি ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে পরিবারের ওপর হামলা চালিয়েছেন—এমন অভিযোগও করেন জাবেদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিকার চেয়েও কোনো ব্যবস্থা না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

এর আগে গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগে খুলশী থানায় একটি মামলা হয়। ওই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে আসামি করা হয়েছিল।

পুলিশের ভাষ্য, ওই মামলার পর ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও এক সদস্যকে আহত করার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।