বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, সরকারি কর্মচারীদের তৃণমূলের মানুষের সেবা করার সুযোগ বেশি থাকে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকে যেন দায়িত্ব সঠিকভাবে ও নিরপেক্ষভাবে পালন করেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শ্যামল বলেন, অতীতে বহুবার দেখা গেছে—নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কিছু প্রেসাইডিং ও পোলিং অফিসার অনিয়ম করেছেন। ভোটাররা ভোট দিতে বাধাপ্রাপ্ত হয়েছেন, অথচ কিছু সরকারি কর্মচারী নিজেরাই ব্যালটে সীল মেরে বাক্স ভর্তি করেছেন।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মচারীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ দায়িত্বপালনই গণতন্ত্রকে শক্তিশালী করবে। অতিরিক্ত কোনো কাজ বা অনিয়মের মাধ্যমে ক্ষতি করা যাবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির অন্যান্য নেতা, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আকতার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে নবনির্বাচিত সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।



