সাভারের আশুলিয়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে, ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ ঘোষণার জন্য ২১ আগস্ট দিন ধার্য করা হয়েছিল।
প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর পাঁচজনের মরদেহ ও একজন আহতকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে।
এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। আনুষ্ঠানিক অভিযোগপত্রের সঙ্গে যুক্ত করা হয়েছে ৩১৩ পৃষ্ঠার নথিপত্র, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ।
তবে মামলার প্রধান আসামিদের অন্যতম সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আটজন এখনও পলাতক রয়েছেন।



