স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ফাইনালের রোমাঞ্চকর ও আবেগঘন ম্যাচ চলাকালেই দেশটিতে ঘটে গেছে কয়েকটি মর্মান্তিক ঘটনা। আর্জেন্টিনার জরুরি চিকিৎসাসেবা সংস্থা এসএএমই (SAME) জানিয়েছে, ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএএমইর তথ্য অনুযায়ী, নিহতদের একজনের বয়স ৬৭ বছর এবং অপরজনের বয়স ৮৮ বছর।
প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানী বুয়েনস এইরেসের মনসেরাত এলাকায়। নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন ৬৭ বছর বয়সী এক ব্যক্তি। খবর পেয়ে চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে, সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটের দিকে শ্বাসকষ্ট শুরু হলে ৮৮ বছর বয়সী এক ব্যক্তির মেয়ে জরুরি সেবায় ফোন করেন। চিকিৎসাকর্মীরা সিপিআর দেওয়ার পর তাকে দ্রুত দুরান্দ হাসপাতালে নিয়ে যান। তবে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এদিকে, বুয়েনস এইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্ট ও তীব্র বুকে ব্যথা নিয়ে আলভারেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্ক এলাকায় হাজারো সমর্থক জড়ো হলে সেখানে কয়েকটি দুর্ঘটনাও ঘটে। এর মধ্যে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে বাঁ পায়ে গুরুতর ভাঙার আঘাত পান। এছাড়া অতিরিক্ত মদ্যপান, ধাক্কাধাক্কি, মারামারি ও পড়ে যাওয়ার ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।



