হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে আরবি ভাষায় পারদর্শী ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী এই কমিটির সভাপতিও।
সভায় হজযাত্রীদের সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি আগামী বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ দেন তিনি।
এছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের হজযাত্রীদের সেবায় সম্পৃক্ত করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী, যাতে তারা আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন।
সভায় হজ এজেন্সিগুলোকে তিন দিনের মধ্যে হজযাত্রীদের আবাসন (বাড়ি বা হোটেল) ও ফ্লাইট সংক্রান্ত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হজ শেষে এজেন্সিগুলোর কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এর আগে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



