tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘আমি বেকার, কাজ দেবেন?’—উদয় শঙ্করের কাছে কাজ চেয়েছিলেন স্মৃতি ইরানি

‘আমি বেকার, কাজ দেবেন?’—উদয় শঙ্করের কাছে কাজ চেয়েছিলেন স্মৃতি ইরানি

বিনোদন জগতের পরিচিত মুখ স্মৃতি ইরানি অভিনয় থেকে সরে গিয়ে দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা পর্যন্ত পৌঁছান। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর বদলে যায় তার জীবনের গতিপথ। আবারও ছোটপর্দায় ফিরেছেন এই অভিনেত্রী-রাজনীতিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানিয়েছেন, অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি নিজেই কাজের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এমনকি সরাসরি ফোন করে কাজ চেয়েছিলেন জিয়োহটস্টার ও স্টারের ভাইস চেয়ারম্যান উদয় শঙ্করের কাছেও।

স্মৃতি জানান, উদয় শঙ্করের সঙ্গে তার পুরোনো পরিচয় রয়েছে ‘কিঁউকি সাস ভী কভী বহু থী’ ধারাবাহিকে কাজের সময় থেকেই। সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি উদয়কে ফোন করে নিজের পরিস্থিতির কথা জানান। সরাসরি বলেন, তিনি তখন কর্মহীন এবং বিনোদন জগতে কোনো কাজের সুযোগ পাওয়া যায় কি না।

স্মৃতির ফোনে কিছুটা অবাক হয়েছিলেন উদয় শঙ্কর। কারণ, তখন তিনি বিদেশে ছিলেন। একসময়ের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক বিজেপি সংসদ সদস্য নিজে ফোন করে কাজ চাইছেন— বিষয়টি তার কাছে স্বাভাবিকভাবেই বিস্ময়ের ছিল। তাই স্মৃতি সত্যিই অভিনয়ে ফিরতে চান কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন।

তবে নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো অস্বস্তি ছিল না স্মৃতি ইরানির। তার মতে, যে পেশায় একসময় কাজ করেছেন, প্রয়োজনের সময়ে সেখানেই ফিরে আসার মধ্যে লজ্জার কিছু নেই। বরং পুরোনো পেশায় নতুন করে কাজ শুরু করার সিদ্ধান্ত তাকে প্রত্যাশার চেয়েও বেশি স্বাধীনতা দিয়েছে।

দীর্ঘ বিরতির পর ‘কিঁউকি সাস ভী কভী বহু থী ২’-এর সেটে ফিরেছেন স্মৃতি ইরানি। রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে পরিচিত অভিনয় জগতে তার এই প্রত্যাবর্তন শুধু পর্দায় ফেরা নয়, বরং জীবনের নতুন এক অধ্যায়ের সূচনাও।