শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে আলোচনায় আসা সমাজকর্মী সোনম ওয়াংচুক এবার বলিউড তারকা সালমান খানের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। আন্দোলনের শেষ পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে পোস্ট করেন সালমান খান। তবে এর একদিন পরই তার অবস্থানে পরিবর্তন আসে। তিনি আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখার পরামর্শ দেন।
অনশনে থাকা সোনম ওয়াংচুককেও কর্মসূচি শেষ করে খাবার খাওয়ার অনুরোধ করেছিলেন সালমান। প্রয়োজনে তার বাড়ি থেকে খাবার পাঠানোর কথাও জানিয়েছিলেন এই অভিনেতা।
সালমানের ওই অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াংচুক বলেন, প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত কিংবা অন্য কোনো ধরনের বাধ্যবাধকতা থাকতে পারে। তবে সালমানের অবস্থান পরিবর্তনের কারণ বা পেছনের কোনো বাধ্যবাধকতা সম্পর্কে তিনি মন্তব্য করতে চান না।
সালমানকে এখনো শ্রদ্ধার চোখে দেখেন জানিয়ে ওয়াংচুক বলেন, কোনো বিষয়কে সব দিক থেকে বিবেচনা করা উচিত। তার মতে, অন্তত সালমান প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছিলেন—এটিও গুরুত্বপূর্ণ। তবে পরে কেন তিনি অবস্থান পরিবর্তন করেছিলেন, সে বিষয়ে মন্তব্য করার মতো তথ্য তার কাছে নেই।
আমিরের মন্তব্যেরও জবাব দিয়েছিলেন ওয়াংচুক
সালমানের পাশাপাশি আমির খানের একটি মন্তব্য নিয়েও সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোনম ওয়াংচুক।
আমির খান দাবি করেছিলেন, ওয়াংচুকের সঙ্গে তার কখনো দেখা হয়নি। এর জবাবে কিছুটা রসিকতার সুরে ওয়াংচুক বলেছিলেন, সম্ভবত আমিরের স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ হয়েছিল।
ওয়াংচুকের দাবি, পুরোনো কিছু ভিডিওতে আমির খানকে ‘গজনি’ সিনেমার চরিত্রের পোশাকে তার বক্তব্য শুনতে দেখা যায়। সেই প্রসঙ্গ টেনে তিনি মজা করে বলেন, হয়তো সিনেমাটির চরিত্রের মতোই কিছুক্ষণ পর আমিরও তাকে ভুলে গিয়েছিলেন। তাই অভিনেতার এমন মন্তব্যে তিনি খুব একটা বিস্মিত হননি।
গত জুলাইয়ে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমির খানকে সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’কে ঘিরে। দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা হলো, সিনেমাটির র্যাঞ্চো চরিত্রটি সোনম ওয়াংচুককে অনুসরণ করে তৈরি করা হয়েছিল।
তবে লন্ডনের ওই অনুষ্ঠানে আমির খান এ ধারণাকে ভুল বলে দাবি করেন। তিনি জানান, ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ নির্মাণের সময় তিনি সোনম ওয়াংচুককে চিনতেন না।



