ইরানের মুদ্রা রিয়াল বুধবার ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে মার্কিন ডলারের দাম ২ লাখ ২০ হাজার তমান ছাড়িয়েছে। ইরানে ১ তমান সমান ১০ রিয়াল হওয়ায় স্থানীয় মুদ্রায় এক ডলারের দাম দাঁড়িয়েছে প্রায় ২২ লাখ রিয়াল। ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবারের বাজারদর অনুযায়ী, প্রতি ডলারের দাম ছিল প্রায় ২ লাখ ২০ হাজার ৩০০ তমান, যা প্রায় ২২ লাখ ৩ হাজার রিয়ালের সমান। মাত্র দুই দিন আগেও ডলারের দাম ছিল ২ লাখ ১০ হাজার তমানের কিছু বেশি বা প্রায় ২১ লাখ রিয়াল। অর্থাৎ, দুই দিনের ব্যবধানেই মার্কিন মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের আরও বড় দরপতন হয়েছে।
একই সময়ে ইরানের খোলাবাজারে প্রতি ইউরোর দাম উঠেছে প্রায় ২ লাখ ৫৫ হাজার তমান বা ২৫ লাখ ৫০ হাজার রিয়াল। ব্রিটিশ পাউন্ডের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৯৭ হাজার তমান বা ২৯ লাখ ৭০ হাজার রিয়াল।
মুদ্রার পাশাপাশি দেশটির স্বর্ণের বাজারেও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে। জনপ্রিয় ইমামি স্বর্ণমুদ্রার দাম বেড়ে প্রায় ২২ কোটি ৬০ লাখ তমানে দাঁড়িয়েছে। রিয়ালে হিসাব করলে এর মূল্য প্রায় ২২৬ কোটি রিয়াল।
ইরানি মুদ্রার এই অস্বাভাবিক দরপতনের পেছনে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চাপকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। গত ২৪ আগস্ট মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করেন। এর আওতায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও নৌপরিবহনসহ বিভিন্ন খাতেও নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর কথা জানানো হয়।
এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এবং মার্কিন অবরোধ দেশটির অর্থনীতি ও তেল রপ্তানিতে আরও চাপ সৃষ্টি করেছে। শিল্প খাতের তথ্য অনুযায়ী, আগস্টে ইরানের তেল জাহাজে তোলার পরিমাণ দৈনিক প্রায় ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫৫ হাজার ব্যারেলে নেমে এসেছে। মার্চে এই পরিমাণ ছিল প্রায় ২০ লাখ ব্যারেল।
তবে রিয়ালের অস্থিরতা কমাতে বাজারে ডলারের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি ১ সেপ্টেম্বর জানিয়েছেন, দেশটির পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। প্রয়োজন হলে বাজারে সর্বোচ্চ ২০০ কোটি ডলার বা ২ বিলিয়ন ডলার পর্যন্ত সরবরাহ করা হবে।
সূত্র: শাফাক নিউজ এজেন্সি



