সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টার লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। সোমবার (৩১ আগস্ট) প্রথম প্রহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ।
ইরানি কর্তৃপক্ষের দাবি, ঐতিহাসিক লারাক দ্বীপে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলায় আইআরজিসি সদস্য ও সাধারণ ইরানি নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে আল মিনহাদ ঘাঁটিকে বিদেশি বাহিনীর গুরুত্বপূর্ণ লজিস্টিক ও বিমান পরিবহন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। হামলায় মার্কিন অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, আঞ্চলিক হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা কঠোর অবস্থান বজায় রাখবে।
সূত্র: মেহের নিউজ



