পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমাদেরই একটি অংশ রয়েছে যারা চায় না নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। তবে আগামী নির্বাচনে কী হবে আর কী হবে না, সে সিদ্ধান্ত নেবে দেশের তরুণ সমাজ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জোরদার এবং সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।



