লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড ইসরায়েলের বিরুদ্ধে ‘চুক্তি লঙ্ঘনের’ অভিযোগ এনে এ পদক্ষেপের কথা জানিয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রেক্ষিতে এটি আমাদের প্রথম প্রতিক্রিয়া। আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যাতে তারা তাদের বাধ্যবাধকতা পালন করতে বাধ্য হয়।”
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পক্ষ থেকে দেওয়া এ বিবৃতিটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে ইরানের এ ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



