আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কাবুলের শার-ই-নাও এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এই এলাকা কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
এদিকে কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিও ‘ইমার্জেন্সি’ এক বিবৃতিতে জানায়, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় তাদের হাসপাতালের কাছেই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর অন্তত ২০ জনকে কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে হাসপাতালে পৌঁছানোর আগেই সাতজনের মৃত্যু হয়।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর কাবুলসহ দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা তুলনামূলকভাবে কমে আসে।
তবে আফগানিস্তানে এখনো ইসলামিক স্টেট (আইএস)–সংশ্লিষ্ট বিভিন্ন জঙ্গিগোষ্ঠী সক্রিয় রয়েছে এবং তারা মাঝে মাঝেই হামলা চালাচ্ছে। চলতি ২০২৫ সালে দেশটিতে ইতোমধ্যে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।



