tanaka
প্রচ্ছদজাতীয়আপন রূপে ঢাকা, সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের ভিড়

আপন রূপে ঢাকা, সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের ভিড়

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী সাধারণ মানুষ। ফলে কর্মদিবসের প্রথম দিন সকাল থেকেই রাজধানীর সড়কে ভিড় জমেছে। নগরবাসীর উপস্থিতি আর চলাচলে ঢাকা ফিরে পেয়েছে তার চেনারূপ।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে রাজধানীর আগারগাঁও, শিশুমেলা, কলেজ গেট, শ্যামলী, কল্যাণপুরসহ রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল থেকেই মানুষ বিভিন্ন বাসপয়েন্টে দাড়িয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন। কোনো একটি বাসে পা রাখার জায়গা পেলেই ছুটে যাচ্ছেন তারা। অধিকাংশ গণপরিবহনে যাত্রীর চাপে পা ফেলারও জায়গা থাকছে না। গাড়ির দরজায় ঝুঁকি নিয়ে ঝুলেও নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে ব্যস্ততা দেখা যায় সবার মধ্যে।এদিকে, বিগত ছুটির দিনগুলোর তুলনায় আজ রাজধানীতে যানচলাচলের চিত্রও ছিল চোখে পরার মতো। সড়কে গাড়ি ও মানুষের উপস্থিতি বেড়েছে কয়েক গুন। ফলে বাস পয়েন্টগুলোতে যানবাহনের জটলা ও কোথাও কোথাও গাড়ির ধীরগতি দেখা গেছে। একই সঙ্গে যানচলাচল স্বাভাবিক রেখে সড়কের গতি ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা গেছে। ফলে বাস পয়েন্টে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো গণপরিবহনগুলোকে সরিয়ে দিতে ও প্রধান সড়কে রিকশার প্রবেশ ঠেকাতে কাজ করতে দেখা গেছে।

শ্যামলী বাস পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, অফিস যাওয়ার জন্য সকাল সকাল বের হয়েছি। সকাল থেকেই রাস্তার যে অবস্থা। শুধু মানুষ আর মানুষ। এখন পর্যন্ত কোনো গাড়িতে উঠতে পারিনি। প্রতিটি গাড়ির গেটে মানুষ ঝুলছে। আর গাড়ির ভেতরে তো পা রাখার অবস্থাও নেই।