অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে, এমন দাবি করে গত বছর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোড়ন তুলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। উপদেষ্টাদের নাম প্রকাশ না করে তিনি এ অভিযোগ করেছিলেন। যেদিন তিনি এ তথ্য দিয়েছিলেন, সেদিন তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সব ক্ষমতা তার আছে। সে কারণেই দুর্নীতিবাজদের নাম প্রকাশ ও দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর ব্যাপারে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে।
এ ব্যাপারে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এ বি এম আবদুস সাত্তার গত বছর যখন এ অভিযোগ তুলেছিলেন, তখনই এ বিষয়ে তথ্যপ্রমাণ জমা দেওয়া উনার দায়িত্ব ছিল। সেটা না দিয়ে থাকলে এখনই তথ্যপ্রমাণ দুদকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয় সরবরাহ করা উচিত।উনি এখন প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন। দায়িত্ব বেড়েছে। প্রকাশ্যে অভিযোগ করেছিলেন উপদেষ্টাদের বিরুদ্ধে। সরকারি কর্মকর্তাদের সামনে সচিবদের দুর্নীতির ব্যাপারে বলেছিলেন।



