ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় অনেক আগেই কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন নেইমার। এবার বিশ্বকাপের মঞ্চে ‘ফুটবলের রাজা’র আরেকটি অনন্য রেকর্ডে ভাগ বসানোর সুযোগ সামনে এসেছে তার।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে চোট কাটিয়ে ফেরা নেইমারের। এই ম্যাচে গোল করতে পারলে তিনি হবেন দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি চারটি আলাদা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়বেন।
এর আগে এই রেকর্ডের একমাত্র মালিক ছিলেন পেলে। তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে গোল করেছিলেন। এর মধ্যে ১৯৬৬ বাদে বাকি তিন আসরেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
অন্যদিকে নেইমার গোল করেছেন ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। তবে চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে খেলতে পারেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই একাদশে নেইমারকে দেখা যাওয়ার সম্ভাবনা কম। তবে বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি।
কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। তার লক্ষ্য, দলের সবচেয়ে বড় তারকাকে নকআউট পর্বের জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত রাখা।
যদিও অনেক সময় গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো আনুষ্ঠানিকতায় পরিণত হয়, ব্রাজিলের জন্য স্কটল্যান্ডের বিপক্ষে লড়াইটি তেমন নয়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, নকআউট পর্বে তুলনামূলক সহজ পথ নিশ্চিত করা এবং শিরোপা অভিযানে আত্মবিশ্বাস বাড়ানোর গুরুত্বপূর্ণ সমীকরণ জড়িয়ে আছে এই ম্যাচে।
আর সেই লড়াইয়ে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন নেইমার। একটি গোলই তাকে বসিয়ে দিতে পারে পেলের পাশে, বিশ্বকাপ ইতিহাসের এক বিশেষ রেকর্ডের অংশীদার হিসেবে।



