ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে আজ সোমবার (১২ অক্টোবর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচনের সম্ভাব্য সময়, ধাপ ও তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে।
সভায় স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়েও আলোচনা হবে।
সভা সূত্রে জানা গেছে, পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা ও রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্রের কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘আগামী সোমবার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করব, নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে কবে হবে।’
নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পর্কেও তিনি জানান, কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবে না। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু নির্বাচনের ধাপ বা স্লটগুলো নির্ধারণ করে দেবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, ‘ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। তফসিল ঘোষণা করবেন মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো বলে দেবে। আমরা শুরুতে যা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই সব স্লট শেষ হয়ে যাবে।’
আজকের সভার সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক আয়োজন ও সম্ভাব্য সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।



