tanaka
প্রচ্ছদসারাদেশআগুনে পুড়ল প্রবাসীর ঘরের ৫০ লাখ টাকা

আগুনে পুড়ল প্রবাসীর ঘরের ৫০ লাখ টাকা

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রবাসীর পাঠানো অর্থসহ প্রায় ৫০ লাখ টাকা পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে হেলু মিয়া (৫৫) নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মুক্তার মিয়া, জিল্লুর রহমান ও হেলু মিয়া জানান, আগুন লাগার পর দুটি পরিবার মোট প্রায় সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। তবে ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।

মুক্তার মিয়া জানান, তার ছেলে বিদেশে থাকেন। ছেলের পাঠানো টাকা জমিয়ে ঘরে প্রায় ৩০ লাখ টাকা রেখেছিলেন নতুন ভবন নির্মাণের জন্য। এর মধ্যে ২ লাখ টাকা উদ্ধার করতে পারলেও বাকি ২৮ লাখ টাকা পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

জিল্লুর রহমান জানান, সোমবার এনজিও ও ব্যাংক থেকে ২২ লাখ টাকা তুলে ঘরের একটি ড্রামে রেখেছিলেন। এর মধ্যে দেড় লাখ টাকা উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২০ লাখ ৫০ হাজার টাকা পুড়ে গেছে। ওই টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠানোর পরিকল্পনা ছিল তার।

হেলু মিয়া জানান, আগুন নেভানোর সময় তার হাত পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, তিনটি ঘর পুড়ে গেলেও দুটি ঘরে থাকা প্রায় ৫০ লাখ টাকা পুড়ে গেছে। গ্রামবাসী নদীর পানি ব্যবহার করে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।