চলতি আগস্ট মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কারণে আগস্টজুড়েই দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ভারতের উজান এলাকায় ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে এসব এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতারও সম্ভাবনা রয়েছে।
তবে আগস্ট মাসে কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি। যদিও বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
প্রথম সপ্তাহ (১–৮ আগস্ট)
মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে। তবে এ সময় সমুদ্র তুলনামূলক শান্ত থাকার সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় সপ্তাহ (৯–১৬ আগস্ট)
এ সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করা হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকিও বাড়তে পারে।
তৃতীয় সপ্তাহ (১৭–২৪ আগস্ট)
আগস্টের তৃতীয় সপ্তাহে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বর্ষণের কারণে কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
শেষ সপ্তাহ (২৫–৩১ আগস্ট)
মাসের শেষ সপ্তাহে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় অতিরিক্ত প্রভাব ফেলতে পারে।



