আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। চলতি বছরের ডিসেম্বরে মেলা আয়োজনের পরিকল্পনা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে তা স্থগিত করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী বইমেলা জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজন করতে হবে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে। প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।



