চিবালয়ে প্রবেশের বিষয়ে মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে সমাধান করার চেষ্টার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেব। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের প্রবেশে ডাটাবেইজ তৈরি করা হবে বলেও জনান তিনি।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করার যে পরিবেশ, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মোটামুটি একটা পরিকল্পনা নিয়েছি, তার মধ্যে একটা অংশ হচ্ছে আপনাদের এইখানে এই ব্যবস্থাটা করা। আরেকটা অংশ হচ্ছে যে সিকিউরিটি সিস্টেমটা, এন্ট্রি সিস্টেমটা কিভাবে ইজি করা যায়। আপনাদের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো অংশটাই আপনারাই ব্যবহার করবেন। আমরা তৈরি করে দেব এবং ভেতরের সুযোগ-সুবিধাগুলো আপনাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে করব। যখন লে-আউটটা করা হবে তখন আপনাদের প্রতিনিধি নিয়ে করব যাতে এখানকার আভ্যন্তরীণ সুযোগ-সুবিধাগুলো আপনাদের চাহিদা মত তৈরি করে দেওয়া যায়।
তথ্যমন্ত্রী বলেন, সচিবালয়ের মধ্যে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করার যে প্রবেশাধিকার এটাকেও সহজ-সরল করা যায় কিভাবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। উনি তো মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কেবল কাজ নিয়ে ব্যস্ত আছেন। একটা ঘটনা ঘটেছে যে অগ্নিসংযোগের দুর্ঘটনা আপনারা তো জানেন। তার পরেই বোধহয় প্রধান উপদেষ্টার তরফ থেকে একটা নীতি আসছিল। তারপরে এক্সেস পাশের একটা শর্ত দেওয়া হয়েছে। যেটা এখনো বহাল আছে। আমরা মোটামুটি চিন্তা করছি আপনাদের মতামত নিয়েই চূড়ান্ত করব। এখনো চূড়ান্ত করতে পারিনি। আমরা চিন্তা করছি আপনাদের মধ্য থেকে দুই-তিনজন প্রতিনিধি আপনারা ঠিক করে দিবেন, তাদের সঙ্গে আমরা পরামর্শ করব।



