দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে অনুশোচনা থেকে রেলওয়েতে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী। নিজের ভুল স্বীকার করে স্বেচ্ছায় রেল কর্তৃপক্ষের কাছে টাকা জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে ওই নারী ২৫ হাজার টাকা জমা দেন।
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির প্রয়োজনে দীর্ঘদিন ধরে তিনি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে কুষ্টিয়ার ভেড়ামারাসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করতেন।
একপর্যায়ে নিজের ভুল বুঝতে পারেন তিনি। পরে বিষয়টি সংশোধনের উদ্যোগ নিয়ে রাজশাহীর রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) এ কে এম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।
নুরুল আলমের পরামর্শ ও সহযোগিতায় শনিবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে যান ওই নারী। এরপর টিকিট বুকিং কাউন্টারে প্রধান বুকিং সহকারী শহিদুল ইসলামের কাছে ২৫ হাজার টাকা জমা দেন তিনি।
টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী নিজ উদ্যোগে রেলওয়েতে টাকা জমা দিয়েছেন। ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় টাকা পরিশোধের এই ঘটনা নিঃসন্দেহে একটি ইতিবাচক ও প্রশংসনীয় দৃষ্টান্ত।



