চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মোবারক আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা, যা স্থানীয়ভাবে শফির টিলা নামে পরিচিত, সেখানে একটি টংঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোবারক কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার একটি দল গভীর জঙ্গলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া সংঘবদ্ধ দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোবারককে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোড়া (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত একটি ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ এবং একটি লোহার রড।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তার মোবারককে আদালতে পাঠানো হয়েছে।



