মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে জাহাজটি খালাসের জন্য বার্থিং করবে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই ট্যাংকারটি সরাসরি মালয়েশিয়া থেকে অকটেন বহন করে এনেছে।
বিষয়টি নিশ্চিত করে প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বলেন, ‘এমটি সেন্ট্রাল স্টার ইতোমধ্যে বন্দরের আউটারে পৌঁছেছে। জাহাজটিতে ২৭ হাজার টন অকটেন রয়েছে এবং এটি নির্ধারিত সময়েই খালাস কার্যক্রম শুরু করবে।’
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, মার্চ মাসে মোট ৩৩টি জাহাজ জ্বালানি নিয়ে বন্দরে ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বহন করে এনেছে।



