উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল পরিষদকে অবহিত করেন যে, আরব আমিরাতে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে আটক থাকা অবশিষ্ট ২৪ জনকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। তিনি জানান, আগামী দুই–তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।
এ সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে, এনজিও নিবন্ধন প্রক্রিয়া সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করার উদ্দেশ্যেই এসব সংশোধন আনা হয়েছে।
এ ছাড়া, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও সভায় উপস্থাপন করা হয়। অধিকতর বিস্তারিত পর্যালোচনা ও সংশোধনের পর এটি পরবর্তী পরিষদ সভায় পুনরায় তুলতে নির্দেশ দেওয়া হয়েছে।



