tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার জন্য সর্বত্র প্রার্থনা

খালেদা জিয়ার জন্য সর্বত্র প্রার্থনা

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ছয় দিন ধরে চিকিৎসাধীন। বার্ধক্যজনিত জটিলতা বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

নয়াপল্টনে দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর তার অবস্থা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর একে একে হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা আব্বাস বলেন, “ম্যাডামকে দেখে মনে হয়েছে, তিনি স্টেবল নন। দেশবাসীর কাছে দোয়া চাই।”

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন। বিএনপির নেতাদের পাশাপাশি বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া চান।

এদিকে, মায়ের অসুস্থতা নিয়ে ফেসবুক ও এক্সে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, “এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে তা এখনো সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে বলে আমরা আশাবাদী।”

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমানসহ অনেকে ফেসবুকে তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন।

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, কারাবাস ও ব্যক্তিগত ত্যাগ নিয়ে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেন। তিনি দাবি করেন, দীর্ঘ কারাবাস ও অবহেলার কারণেই আজ খালেদা জিয়ার শারীরিক অবনতি হয়েছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা লিখেছেন, “রাজনীতি, মতাদর্শের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া কামনা করি। জীবনের কঠিন সময়েও তিনি দেশ ও মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি।”

বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ দেশব্যাপী মসজিদে দোয়া মাহফিল করছে। আজও সারাদেশে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

গত ২৩ নভেম্বর রাত থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। বহু বছর ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২০১৮ সালে কারাবাসের সময় তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। দীর্ঘ আইনি জটিলতার কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। গণ-অভ্যুত্থানের পর গত ৮ জানুয়ারি তিনি লন্ডনে চিকিৎসা নেন। সেখান থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে এখন একটাই সুর—প্রার্থনা।