tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু-সুন্দর ভোট উপহার দেবো: সিইসি

জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু-সুন্দর ভোট উপহার দেবো: সিইসি

জাতিকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, শুধু নির্বাচন কমিশনের পক্ষে একা একটি সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব নয়; এ জন্য সবার সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীলতা প্রয়োজন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে এক পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই সংলাপে পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান সিইসি।

তিনি বলেন, “আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না; সবসময় সামনে তাকাতে চাই। অতীতে আমাদের ভুলভ্রান্তি হয়েছে—সেগুলো আর যেন না ঘটে, সেজন্য শিক্ষা নিয়ে আমরা এগোতে চাই। এ নির্বাচনে আমাদের নিজস্ব সুপারভাইজারি ও অফিসিয়াল মেকানিজম থাকবে। আপনাদের চোখ দিয়েও আমরা নির্বাচনকে দেখতে চাই। কারণ আপনাদের পর্যবেক্ষণ সঠিক না হলে নির্বাচনের চিত্রও ঠিকভাবে প্রতিফলিত হবে না।”

পর্যবেক্ষক সংস্থাগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, “এবার আমরা পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স ২১-এ নামিয়েছি। এদের অনেকেরই অভিজ্ঞতা কম। তাই তাদের প্রাথমিকভাবে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ দেওয়া আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার মতো ট্রেনিং দয়া করে নিশ্চিত করবেন। কারণ তারাই আপনাদের মূল কার্যকরী জনবল। তারা যদি মাঠে দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে আমাদের কাছে ভুল বার্তা পৌঁছাতে পারে।”