বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে এগুলো সই করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আর আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত সমঝোতায় সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
সই অনুষ্ঠানের আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই নেতার মধ্যে একান্ত ও পরে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেরিং তোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।



