রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও আহত পথচারী মঞ্জুরুল হক জানান, “আমরা থানার সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে পরপর তিনটি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে আমার পায়ে আঘাত লাগে। আমি, থানার এক এসআই এবং আরও একজন আহত হয়েছি, তবে কেউ গুরুতর নই।”
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অজ্ঞাত দুজন মোটরসাইকেলে এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আশপাশে খোঁজ নেওয়া হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”



