ভিয়েতনামে টানা ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট এ দুর্যোগে আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। বন্যাকবলিত দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে।
রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে খান হোয়া প্রদেশের মনোরম খান লে পাস এলাকায় মাটি ও পাথরের চাপায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত পাঁচজন নিহত ও ১৮ জন আহত হন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারেও তৎপরতা চলছে।
এ ছাড়া, খান হোয়া প্রদেশের খান সন পাস এলাকায় একটি শ্রমিক আশ্রয়কেন্দ্রে ভূমিধসে এক ব্যক্তি নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন।
ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, চলতি বছর এ পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ডলারের বেশি। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ভারি বৃষ্টির প্রবণতা দেখা যায়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের মাত্রা ও ঘনত্ব উভয়ই বেড়ে গেছে।



