স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল এই তদন্তে অংশ নেবে। তারা ঘটনাস্থলে এসে অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা ব্যর্থ হয়নি। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায়, আর ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে আসে।”
তিনি আরও বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ ছিল সেখানে খাদ্যপণ্যের আধিক্য। সেখানে কোনো কেমিক্যাল মজুত ছিল না।”
বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা। পাশাপাশি, রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন তিনি।
বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে—এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা ঘরে যে পোশাক পরি, প্রয়োজনে তা পরে আত্মীয়ের বাড়িতেও যেতে পারি।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



