রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ইকবালকে সিটি করপোরেশনের ময়লার গাড়িটি ধাক্কা দেয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল কলাপট্টি এলাকা থেকে ইকবালের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে তা পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত ইকবালের ভাই মো. তরিকুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে। ইকবালের বাবার নাম মৃত আবুল হোসেন। ঢাকায় যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস ও ব্যবসা করতেন ইকবাল। তার এক সন্তান রয়েছে।



