মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও গাজায় খাদ্যসংকট এখনো মারাত্মক ও ‘বিপর্যয়কর’ অবস্থায় রয়ে গেছে।
এর আগে জাতিসংঘ গাজা শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করেছিল। তখন সংস্থাটি জানিয়েছিল, পাঁচ লাখেরও বেশি মানুষ ‘চরম বিপর্যস্ত’ অবস্থায় রয়েছে।
তবে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার এক-চতুর্থাংশ মানুষ বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছে। খাদ্যসংকটে থাকা মানুষের মধ্যে অন্তত ১১ হাজার গর্ভবতী নারী রয়েছেন। নবজাতকদের প্রায় ৭০ শতাংশই অপুষ্টিতে ভুগছে এবং অনেকেই অপরিণত অবস্থায় জন্ম নিচ্ছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, বর্তমান অপুষ্টি পরিস্থিতির প্রভাব আগামী কয়েক প্রজন্ম ধরে টিকে থাকতে পারে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, প্রতিদিন দুই হাজার টন খাদ্য গাজায় প্রবেশের লক্ষ্য থাকলেও বর্তমানে সেখানে পৌঁছাচ্ছে মাত্র ৭৫০ টন। কেবল দুটি সীমান্ত ক্রসিং খোলা থাকায় প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণ ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে।
এদিকে ৪১টি আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সহায়তা প্রদানে বাধা দেওয়ার অভিযোগ করেছে। এর মধ্যে অক্সফাম ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে, ১০ থেকে ২১ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক এনজিওগুলোর ৯৯টি এবং জাতিসংঘ সংস্থাগুলোর ছয়টি ত্রাণ আবেদন বাতিল করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬৮ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।



