আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়ার দেশগুলোকে বাণিজ্যিক প্রতিবন্ধকতা হ্রাস ও আঞ্চলিক বাণিজ্য সংহতি জোরদারের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে উদ্ভূত ঝুঁকি মোকাবিলায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইএমএফের ‘এশিয়া অঞ্চলের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন’-এ বলা হয়, দীর্ঘদিন ধরে বাণিজ্য এশিয়ার প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। তবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে পুরো অঞ্চলটি ঝুঁকির মুখে পড়েছে। তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বৃদ্ধি ও অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণ কিছুটা ইতিবাচক প্রভাব ফেলছে।
আইএমএফের মতে, অ-শুল্ক প্রতিবন্ধকতা কমানো ও আঞ্চলিক সংহতি জোরদার করলে এশীয় দেশগুলো রপ্তানি বৈচিত্র্য, ব্যয় হ্রাস ও শুল্কজনিত ধাক্কা মোকাবিলায় সক্ষম হবে। আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বলেন,
প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক বাণিজ্য চুক্তির আহ্বান জানানো হয়েছে। কারণ বর্তমান দ্বিপাক্ষিক চুক্তিগুলোর জটিল নিয়ম ও অসামঞ্জস্যপূর্ণ মানদণ্ড বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আইএমএফ জানায়, কোভিড-১৯ মহামারির সময় বেড়ে যাওয়া অ-শুল্ক প্রতিবন্ধকতা এখনো এশিয়ার বাণিজ্যের বড় বাধা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু দেশের নতুন আলোচনার ফলে এসব প্রতিবন্ধকতা কমানোর ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, আঞ্চলিক বাণিজ্য সংহতি বাড়াতে পারলে এশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) মাঝারি মেয়াদে ১.৪ শতাংশ এবং আসিয়ান দেশগুলোর প্রবৃদ্ধি প্রায় ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
আইএমএফের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৫ সালে এশিয়ার অর্থনীতি ৪.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা গত বছরের তুলনায় সামান্য কম হলেও পূর্বাভাসের চেয়ে ০.৬ শতাংশ বেশি। এর পেছনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্কের আগে রপ্তানি বাড়ানোর প্রবণতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।



