tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকজার্মানিতে মানবপাচারের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে

জার্মানিতে মানবপাচারের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে

ইউরোপের অন্যতম উন্নত দেশ জার্মানিতে মানবপাচারের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। দেশটির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের (BKA) সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক মানবপাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর কমপক্ষে ৮৬৮টি মানবপাচারের ঘটনা পুলিশের নজরে এসেছে। ভুক্তভোগীদের একটি বড় অংশই পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই নিরাপত্তা ও আইনি জটিলতার ভয়ে পুলিশের কাছে অভিযোগ করতে সাহস পান না।

মানবপাচারবিরোধী সংগঠন কেওকে জানিয়েছে, এসব ঘটনার বেশিরভাগই যৌন শোষণের সঙ্গে জড়িত, যার মধ্যে জোরপূর্বক দেহব্যবসাও রয়েছে। ফলে নারী ভুক্তভোগীর সংখ্যাই বেশি। সংস্থাটির মতে, ভুক্তভোগীদের অনেকে বুঝতেই পারেন না যে তারা পাচারের শিকার; আবার অনেকেই ভয় পান প্রতিশোধ বা ফেরত পাঠানোর আশঙ্কায়।

২০২৪ সালে মানবপাচার সংক্রান্ত ৬৫০টি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়, যার মধ্যে ৫৭৬টি নিষ্পত্তি হয়েছে—যা একটি নতুন রেকর্ড। আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে নিষ্পত্তি হয়েছিল ৫০৯টি মামলা।

বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি যৌন পাচারের শিকার হয়েছেন চীনের নাগরিকেরা (৫৫টি ঘটনা)। এরপর রয়েছে বুলগেরিয়া (৫৩টি) ও রোমানিয়া (৪৭টি)।

গবেষণা সংস্থা মেডিয়েনডিনস্ট ইন্টেগ্রেশন-এর তথ্য অনুযায়ী, জার্মানিতে মানবপাচারের শিকারদের এক-তৃতীয়াংশই ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে, এক-তৃতীয়াংশ ইইউভুক্ত দেশগুলোর এবং বাকি এক-তৃতীয়াংশ জার্মান নাগরিক।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), অভিবাসন সংস্থা (IOM) এবং Walk Free Foundation-এর এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী অন্তত ৫ কোটি মানুষ মানবপাচারের শিকার হয়েছেন।

মেডিয়েনডিনস্ট ইন্টেগ্রেশন মনে করে, এই পরিসংখ্যান বরং সমস্যা প্রকৃত চিত্রের একটি ক্ষুদ্র অংশমাত্র। কারণ পাচারের শিকার অনেকেই নিজেদের অবস্থা সঠিকভাবে অনুধাবন করতে পারেন না বা আইনি সহায়তা নিতে ভয় পান।