দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অন্তত ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে।
মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, “নারী শিক্ষা ও পেশাজীবী অঙ্গনে নারীদের অগ্রগতির ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গড়ে দিয়েছিলেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে এই নারী জাগরণ আরও বেগবান হবে।”
সভায় ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুন রায় চৌধুরী জানান, বিএনপি আসন্ন নির্বাচনে যোগ্য নারী নেত্রীদের মনোনয়ন দেবে এবং তারা জনগণের ভোটে জয়লাভ করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নারী নেত্রীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ সভায় বিএনপি নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।



